রাজনীতি

সংবিধানের দোহাই দিয়ে গণভোট বাস্তবায়নে কুতর্ক দিচ্ছে বিএনপি: তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “সংবিধানের দোহাই দিয়ে গণভোট বাস্তবায়নে কুতর্ক দিচ্ছে বিএনপি। তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে এখনো বহাল রেখেছে, যাতে পরবর্তী নির্বাচনের সময়ে তাদের নিযুক্ত রাষ্ট্রপতি ক্ষমতায় থাকেন, এটা জনগণ বোঝে।”

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি জুলাই সনদের পাশাপাশি নিজেদের দেওয়া ৩১ দফার কথাও রাখছে না। ক্ষমতায় বসে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক বসাচ্ছে বিএনপি, স্থানীয় সরকার নির্বাচনের আগে পুরো প্রশাসন দখল করে নিচ্ছে তারা। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক বসানো হবে না, এটাতো আপনাদের ঘোষিত ৩১ দফাতেও ছিল, জুলাই সনদের কথাতো বাদই দিলাম।”

সারোয়ার তুষার বলেন, “বাংলাদেশের ইতিহাসে প্রতিটি রাজনৈতিক পালাবদলে বিএনপি বেনিফিটেড হয়েছে। তবে প্রতিবারই তারা জনগণের প্রত্যাশা পূরণ করেনি। এবার রাজনৈতিক দলগুলো বিএনপিকে ভরসা করেছিল। কিন্তু বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, গণভোটকে আদালতে তুলেছে।”

এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, “ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাধীনতার ঘোষক পরিবর্তন হয়। কে আগে, কে পরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা নিয়ে ইতিহাসকে সীমিত করা যায় না। এটা অগুরুত্বপূর্ণ তথ্য। তবে আমরা এই আলোচনা নিয়েই বিভক্ত হয়ে যাই, সরকার পরিবর্তন হলেই ঘোষক পরিবর্তন হয়ে যায়।”