জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের ক্ষতি করেছে। বিএনপি যাদের মেয়র পদে নির্বাচন করাবে, তাদের কী প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে? প্রশাসক পদে বসেই তারা যদি নির্বাচন করবেন, তাহলে আর বাকিরা নির্বাচন করে কী করবে?”
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন মাধ্যমে এগিয়ে যেতে চান, তাহলে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। তা না হলে আমাদের জনগণের কাতারে এসে সঠিক গতিপথ বেছে নিতে হবে।”
এনসিপির মুখপাত্র বলেন, “আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে কীভাবে এত দূরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে।”
তিনি আরো বলেন, “গুম সংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করার মাধ্যমে বিএনপি এটা প্রমাণ করছে যে তারাও গুম করতে চায়।”