রাজনীতি

জাগপার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দলটির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

একই সাথে তিনি অরাজনৈতিক সামাজিক সংগঠন আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা- আজাদীর ঘোষণা দেন। দেশ এবং প্রবাস থেকে জাগপা ও আজাদীতে যোগদান করা যাবে www.jogdaanbd.org এই ওয়েবসাইটের মাধ্যমে।

এ সময় রাশেদ প্রধান বলেন, “মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট জাগপা বিগত ৪৬ বছর ধরে দেশ ও দেশের মজলুম জনগণের পক্ষে কাজ করছে। জাতীয় নির্বাচনের পরে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে যোগদান কার্যক্রম সূচনা করেছি। একই সাথে বাহ্যিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে একটি দেশপ্রেমিক প্ল্যাটফর্ম অপরিহার্য। তাই সামাজিক সংগঠন আজাদীর জন্ম হয়েছে।”

রাশেদ প্রধান যোগদান কার্যক্রম সূচনায় ৫ জন দায়িত্বশীলকে পরিচয় করিয়ে দেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নজরুল ইসলাম বাবলু, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এস এম জিয়াউল আনোয়ার, খুলনা ও বরিশাল বিভাগে সাব্বির আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগে শামীম আহমেদ এবং প্রবাসী বিভাগে ওলিউল আনোয়ার। তারা যোগদান কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করবেন।