রাজনীতি

বিএনপি জাতীয়তাবাদী পুলিশ তৈরির চেষ্টায় আছে: নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনার সময়ে পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল। এখন বিএনপি জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির চেষ্টায় রয়েছে। তা না হলে তারা কেন পুলিশ সংস্কার কমিশন করবে না? পুলিশ অধ্যাদেশ কেন বাস্তবায়ন করবে না?”

রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশর (আইডিইবি) মুক্তিযোদ্ধা হল রুমে ১১ দলীয় ঐক্যের আয়োজনে জুলাই শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি সরকার গঠনের পর থেকে বাংলাদেশ পেছনের দিকে হাঁটছে। বাংলাদেশ আবার পুরনো পথে হাঁটছে। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা একাত্তরের নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করার চেষ্টা করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল। তারা সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো গণআন্দোলনের কোনো প্রতিশ্রুতি তারা কখনো রক্ষা করে নাই।”

এনসিপির আহ্বায়ক বলেন, “বিএনপি বলছে, জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এই জুলাই সনদকে তারা কলুষিত করেছে। শেখ হাসিনার সময় দেখেছি, বিচার বিভাগ কীভাবে দলীয়করণ হয়েছিল। বিচারপতিদের নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়ার যে অধ্যাদেশ, তারা তা বাতিল করে দিয়েছে।”

“যে প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল; সেই প্রতিষ্ঠানগুলো ও ব্যবস্থা তারা পুনর্বহাল রেখেছে। এর ভেতর দিয়ে তারা এটাই বার্তা দিতে চায়— তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা, সংস্কারের কথা মুখে বলবে, কিন্তু অন্তরে ধারণ করবে না। ফলে, সংস্কারের বাংলাদেশের জন্য আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে,” বলেন তিনি।