রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ

স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয় হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) এনসিপিতে যোগদান কর্মসূচিতে তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লক্ষ্যেই এনসিপি দেশকে ঢেলে সাজাতে চেয়েছিল।”

তিনি বলেন, “নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট করেছিলাম, এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এই নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।”

“সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেগেসি থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।”

তিনি বলেন, “সারা দেশ থেকেই দলটির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জানিয়েছি। তরুণরা যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান তারা একত্রিত হোন। এনসিপি আপনাদের সহায়তা করবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে এবং তা এনসিপির সমর্থনেই হবে।”

তিনি আরো বলেন, “ইসহাক সরকার সমস্ত সুযোগ সুবিধাকে ঠেলে দিয়ে জনগণের পক্ষে, তরুণদের পক্ষে যোগ দিয়েছেন। নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি সবাই জুলাইয়ের পরিচিত মুখ। জুলাইয়ে তাদের অনেক ত্যাগ আছে।”