জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে বিএনপিকে দেখেছি, সেই বিএনপিকে আমরা আসলে চিনতে পারছি না। আমরা দেখছি যে, তারা (বিএনপি) বাংলাদেশে এখন আওয়ামী লীগের কালচার অনুসরণ করছে।”
তিনি বলেন, “তারা (বিএনপি) এখন ৭২ এর সংবিধানের রাজনীতি করছে। এখন তাদের কথা আর আওয়ামী লীগের কথার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না।”
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, “আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার একটা চিত্র আমরা গতকালকে দেখতে পেয়েছি। আবারো ক্যাম্পাসগুলোতে মেধা এবং যোগ্যতার রাজনীতির বিপরীতে সন্ত্রাস এবং দখলদারির রাজনীতি ফিরে আসছে।”
আসিফ মাহমুদ বলেন, “আমাদের লড়াই শেষ হয়নি, লড়াইটা আরো দীর্ঘায়িত হয়েছে। মেধা ও যোগ্যতার এই রাজনীতি প্রতিষ্ঠার লড়াইটা সামনের দিনে চালিয়ে যেতে হবে। সেজন্য আমাদের সারা দেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে।”
তিনি বলেন, “সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়। মানুষের মধ্যে আমাদের যে সমর্থন এবং ভালোবাসা আছে সেটাকে ভোটে রূপান্তর করে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করে দেখাতে চাই।”
এনসিপির মুখপাত্র বলেন, “সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছেন, যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত নয়, গণহত্যার সঙ্গে জড়িত নয় এমন সবাইকে জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণের দাওয়াত দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই।”