জনতা পার্টি বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের প্রধান সমন্বয়কারী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন।
রবিবার (২৬ এপ্রিল) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গোলাম সরওয়ার মিলন এক সময় এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। ছিলেন জাতীয় পার্টির শীর্ষপর্যায়ের নেতা। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এসব তথ্য জানিয়েছেন।
গোলাম সরোয়ার মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।
নেতারা বলেন, “গোলাম সারোয়ার মিলন রাজনৈতিক মাঠে একজন সাহসী ও উজ্জ্বল নক্ষত্র রাজনৈতিক নেতা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই নির্ভিক সাহসিকতা, নিষ্ঠা ও সততার সাথে রাজনৈতিক মাঠে পরিচিত মুখ ছিলেন।
গোলাম সারোয়ার মিলন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা,পরবর্তীতে পল্লীবন্ধু হুসেইন মূহম্মদ এরশাদের মন্ত্রীসভার অন্যতম সদস্য, জাতীয় পার্টির সাবেক শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
গোলাম সরোয়ারের মিলন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মানিকগঞ্জে জন্মগ্ৰহণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।