রাজনীতি

বিএনপির শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার

মে দিবস উপলক্ষে বিকালে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশস্থল এবং এর আশেপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হবে। সমাবেশে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সমাবেশে ঢাকা ও আশপাশের জেলার শ্রমিক দলের নেতাকর্মীদের যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানান তারা।

শ্রমিক দল সূত্র জানায়, সমাবেশের দিন ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করবে। তবে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া সমাবেশে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও থাকবে।