রাজনীতি

দ্রুত ব্যাংক রেজুলেশন আইন পরিবর্তন করতে হবে: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “যদি দেশের টাকা আবারো পাচার হয়, দেশের টাকা দেশে না থাকে তবে আমাদের শ্রমিকরা কাজ পাবে না, টাকা পাবে না। অর্থনীতি ভেঙে পড়বে আর আগের লুটেরা লাভবান হবে। এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে শ্রমিকরা। দ্রুত ব্যাংক রেজুলেশন আইন পরিবর্তন করতে হবে। কোনোভাবেই লুটেরাদের ব্যাংক ফিরিয়ে দেওয়া যাবে না।”

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি আয়োজনে এক সমাবেশ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “একীভূত হওয়া ব্যাংকগুলোর মালিকানা আবারও ফিরে যাওয়ার আলোচনা হচ্ছে। বাংলাদেশের ব্যাংক রেজুলেশন আইন পাস করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের ব্যাংকগুলো অল্প কিছু অর্থের (সাড়ে সাত শতাংশ) মাধ্যমে মালিকানা ফেরত পাবে। তাহলে যারা একসময় লুট করেছে, তারা আবারও একই কাজ করবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক প্রবাহ ভেঙে পড়বে এবং কর্মসংস্থান সংকুচিত হয়ে শ্রমিকদের মজুরি আরো কমে যাবে।”

দেশের অর্থনীতি বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, “ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা ব্যক্তিদের পুনরায় ব্যাংকের মালিকানা দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। দেশের অর্থনীতি বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ব্যাংক খাতে লুটপাটের সুবিধাভোগীদের আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শ্রমিকসহ সাধারণ জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

এনসিপির সদস্য সচিব বলেন, “শ্রমিকদের মজুরি এখনো নিম্নমানের। বর্তমান বাজারে তারা এই মজুরি দিয়ে টিকতে পারবে না।”