রাজনীতি

বর্তমান সরকারের সময়েই দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবি

বর্তমান সরকারের সময়ই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু, বাস্তবায়ন ও শেষ করার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

রবিবার (৩ মে) ঢাকার প্রেসক্লাবে দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট-দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন,  যে জায়গায় পদ্মা সেতু হওয়ার জন্য আন্দোলন ছিল, সেখানে হয়নি। এছাড়া, তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইটা পদ্মা সেতুর কথা বলেছিলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “৩০/৪০ বছর আগে আমি যখন ছাত্রনেতা ছিলাম তখন থেকেই এই রুটে পদ্মা সেতুর দাবি উঠেছে।” 

তিনি বলেন, “ব্রিটিশ ভারতের সময় পদ্মার ওপারের মানুষ শিক্ষায়, ব্যবসায় অনেক এগিয়ে ছিলেন। কারণ, সে সময় রাজধানী ছিল কলকাতায়। তখন ওই অঞ্চলের মানুষদের পদ্মা পার হয়ে ঢাকায় আসতে হতো না। ওদিকে সরাসরি কলকাতায় যেতেন। 

দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ দীর্ঘদিন অনেক ত্যাগ শিকার করেছে উল্লেখ করে তিনি বলেন, “এখন দাবি আমাদের একটাই দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা ব্রিজ করতে হবে।”

বৈঠকে বক্তারা বলেন, “মানিকগঞ্জ জেলার সাথে রাজধানীর সরাসরি যোগাযোগের একমাত্র উপায় দৌলতদিয়া-পাটুরিয়া। সেখানে সেতু হলে রাজবাড়ী, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ আশপাশের সকল জেলার মানুষ উপকৃত হবেন। যেহেতু সাভার একটি শিল্প এলাকা তার সাথে যুক্ত হবে, অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।”

তারা আরো বলেন, “দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন হলে অনেক দুর্ঘটনা কমে যাবে। বিভিন্ন সময় ফেরি চলাচলে দুর্ঘটনার শিকার হয়। শীতকালে ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্নিত হয়। সেতু হলে এই অঞ্চলের মানুষ এসব থেকে মুক্তি পাবেন।”

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট-দ্বিতীয় পদ্মা বাস্তবায়ন পরিষদের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ আরো অনেকে।