আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপের নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারবিষয়ক এ অধিবেশনে জেলা প্রশাসকেরা অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘স্থানীয় সরকার শক্তিশালী করতে পারলে রাষ্ট্র শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সামনে এ কথাটাই বলার চেষ্টা করা হয়েছে। সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য ও স্থানীয় সরকারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ জনগণই এ দেশের মালিক। তৃণমূলের মানুষই সবকিছু নির্ধারণ করেন।’’
সরকারের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ বলে এ সময় মন্তব্য করেন মন্ত্রী। ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগ আরও বাড়ানোর কথাও বলেন তিনি।