রাজনীতি

টুরিস্ট ভিসা চালু ও তিস্তা চুক্তি বাস্তবায়ন চায় জাপা

দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন ও বন্ধ থাকা টুরিস্ট ভিসা চালুর জন‌্য ভারত সরকা‌রের প্রতি অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির নেতারা। 

বৃহস্পতিবার (৭ মে) বারিধারায় ভারতীয় দূতাবাসে বিদায়ী বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে এক সৌজন‌্য সাক্ষা‌তে এ অনুরোধ জানান তারা। 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃ‌ত্বে দল‌টির নেতারা সকা‌লে ভারতীয় হাই কমিশনারের স‌ঙ্গে দেখা ক‌রেন। 

এ সময় জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দুত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা উপস্থিত ছিলেন। 

এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রণয় ভার্মাকে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়ে‌ছে। সাক্ষাতে আমরা বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।”

তিনি আরো বলেন, “দু'দেশের মানুষে মানুষের সম্পর্ক কীভাবে আরো সুদৃঢ় করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিস্তা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন এবং শীঘ্রই টুরিস্ট ভিসা চালু করার জন্য ভারত সরকারের প্রতি বি‌শেষ অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন। একই সঙ্গে দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপরও জোর দেওয়া হয়।”