প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে' নামতে হবে।”
শনিবার (৯ মে) রাজধানীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “গত ১২ ফেব্রুয়ারি দেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম, নির্বাচন কিন্তু কঠিন হবে। আপনারা প্রত্যেকেই পরতে পরতে সেটা কিন্তু অনুভব করেছিলেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনি ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে।”
তিনি বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো—আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সে কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা।”
নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের দেওয়া ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে বিশেষ করে আমরা সরকার গঠন করার পরে এই ইশতেহারটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।”
তিনি আরো বলেন, “দেশের ৫২ শতাংশ মানুষ যারা ভোট দিয়েছে এবং এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছিলাম আমাদের সর্বোচ্চ দিয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে মানুষকে বলেছিলাম, আমরা সুশাসন দেব। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। নারী পুরুষ শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে।”
তিনি বলেন, “আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছিলাম তখন বলেছিলাম, আমাদের ওপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, গুম খুনের শিকার হতে হচ্ছে, তাতে আমার রাজনৈতিক দলের নেতাকর্মীরা চায় দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করব।”