বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শহীদ জিয়াউর রহমান ফারাক্কা ও পানির ন্যায্য হিস্যার প্রশ্নে যে অবস্থান নিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই পথই অনুসরণ করছেন। পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ সেই কথায় মনে করিয়ে দেয়।
শনিবার (১৬ মে) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে বাংলাদেশের লড়াই এখনো শেষ হয়নি।” তিনি আরো বলেন, “বর্তমান সরকার গঙ্গা-পদ্মা সমস্যার সমাধানে বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছে এবং আলোচনার মাধ্যমে এ সমস্যার একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব।”
বিএনপির এই নেতা বলেন, “দেশের স্বার্থে সরকারকে সমর্থন দেওয়া এবং সরকারের অবস্থানকে শক্তিশালী করা প্রয়োজন।”
একইসঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “শেখ হাসিনার সরকার দেশের শান্তি ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।