বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে ভারতকে অবিলম্বে সীমান্তে পুশইন কার্যক্রম বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
একই সঙ্গে তিনি ভারতকে বাংলাদেশবিদ্বেষী সব ধরনের অপতৎপরতা পরিহারের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ জুন) রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, “ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারত একদিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছে, অন্যদিকে সাম্প্রদায়িক উসকানিসহ বাংলাদেশবিরোধী নানা তৎপরতা অব্যাহত রেখেছে।”
তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এসব কর্মকাণ্ড আরো বেড়েছে।”
তিনি অভিযোগ করেন, “ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে নিজেদের নাগরিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে তাদের নাগরিক অধিকার খর্ব করা হয়েছে। এখন তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সাইফুল হক বলেন, “কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর জন্য আইনগত প্রক্রিয়া রয়েছে। একইভাবে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।”
তিনি ভারত বা বিএসএফের উসকানিতে পা না দিয়ে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের দ্বিপক্ষীয় সমস্যার টেকসই সমাধানে উদ্যোগী হওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় আগামী ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর কমিটির কর্মসূচিও চূড়ান্ত করা হয়।