ভিটামিন ডি সাপ্লিমেন্ট সাধারণত হাড়ের স্বাস্থ্য রক্ষা ও রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গ্রহণ করা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটি পেশি গঠন ও শক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিটনেসপ্রেমীদের মধ্যে এখন যে প্রশ্নটি বেশি শোনা যাচ্ছে—ভিটামিন ডি কি দ্রুত পেশি বাড়াতে সাহায্য করে? এর উত্তর সরল নয়, তবে গবেষণা বলছে সঠিক মাত্রায় ভিটামিন ডি শরীরের পেশি শক্তিশালী করতে সহায়ক হতে পারে।
মুম্বাইয়ের ওয়কহার্ট হাসপাতালের অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ ডা. বিশাল শিন্ডের মতে, ভিটামিন ডি শরীরে অনেকটা হরমোনের মতো কাজ করে এবং পেশির টিস্যুতেও এর রিসেপ্টর রয়েছে। এটি পেশির সংকোচন, প্রোটিন সংশ্লেষণ এবং পেশির সামগ্রিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যাদের শরীরে ভিটামিন ডি-এর মাত্রা পর্যাপ্ত থাকে, তাদের পেশির শক্তি, পারফরম্যান্স এবং ব্যায়ামের পর পুনরুদ্ধারের হার তুলনামূলকভাবে ভালো।
যারা সূর্যালোক কম পান তাদের জন্য ভিটামিন ডি উপযোগী। ছবি: সংগৃহীত
যাদের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রে সাপ্লিমেন্ট গ্রহণ করলে সময়ের সঙ্গে পেশির শক্তি ও ভর কিছুটা উন্নত হতে পারে—বিশেষ করে বয়স্ক মানুষ বা যারা সূর্যালোক কম পান তাদের জন্য উপযোগী হতে পারে। ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে পেশি দুর্বলতা, দ্রুত ক্লান্তি এবং ধীরগতির পুনরুদ্ধার দেখা দিতে পারে, যা ফিটনেস অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
গ্লেনইগলস হাসপাতালের সিনিয়র অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. অনুপ খাত্রি জানান, ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়াতে সাহায্য করে, যা শক্তিশালী হাড় ও পেশির জন্য জরুরি। এটি পেশিকে সঠিকভাবে সংকুচিত হতে সহায়তা করে, ফলে শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ে। পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে ব্যায়ামের পারফরম্যান্স উন্নত হয়, যা পরোক্ষভাবে পেশি গঠনে সহায়ক হতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বেশি মাত্রায় ভিটামিন ডি গ্রহণ করলেই দ্রুত পেশি বাড়বে—এমন ধারণা ভুল। এটি কোনো ‘ম্যাজিক পিল’ নয়। পেশি বৃদ্ধির জন্য নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপন সমানভাবে গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করে সঠিক মাত্রা নির্ধারণ করা উচিত। প্রাকৃতিকভাবে সূর্যালোক, চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম এবং ভিটামিন ডি সমৃদ্ধ ফোর্টিফায়েড খাবার থেকে এই ভিটামিন পাওয়া যায়। ঘাটতি থাকলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দিতে পারেন।
সব মিলিয়ে বলা যায়, ভিটামিন ডি সরাসরি দ্রুত পেশির শক্তি বাড়ায় না, কিন্তু শরীরকে এমন অবস্থায় রাখে যাতে নিয়মিত ব্যায়াম ও সঠিক পুষ্টির সঙ্গে মিলিত হয়ে পেশি গঠন আরও কার্যকরভাবে সম্ভব হয়।
সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস