অনেকেই ওজন কমাতে কঠোর ডায়েট বা নিয়মিত ব্যায়াম করে থাকেন। কিন্তু কোনো চেষ্টা ছাড়াই যদি হঠাৎ ওজন কমতে শুরু করে, তা মোটেও স্বাভাবিক নয়। বরং এটি শরীরের ভেতরে লুকিয়ে থাকা কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে! বিশেষ করে যদি এর সঙ্গে পেটের ব্যথা, অস্বস্তি বা হজমের সমস্যা যুক্ত হয়, তবে বিষয়টি আরও গুরুত্বসহকারে দেখা জরুরি।
হঠাৎ ওজন কমা কেন উদ্বেগজনক? চিকিৎসকদের মতে, অকারণে ওজন কমে যাওয়া অনেক সময় পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে। পাকস্থলী, অন্ত্র বা হজমতন্ত্রে কোনো সমস্যা হলে শরীর সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে না, ফলে ওজন দ্রুত কমতে থাকে। অনেক ক্ষেত্রে এটি আলসার, প্রদাহ, সংক্রমণ কিংবা গুরুতর রোগের প্রাথমিক লক্ষণও হতে পারে।
যেসব লক্ষণ থাকলে সতর্ক হবেন শুধু ওজন কমে যাওয়া নয়, এর সঙ্গে নিচের উপসর্গগুলো দেখা দিলে অবহেলা করা উচিত নয়— **দীর্ঘদিন ধরে পেটে ব্যথা বা অস্বস্তি। **খাওয়ার পর বমি বমি ভাব বা বমি। **খাবার গিলতে সমস্যা। **মলত্যাগের সময় রক্ত পড়া। **অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি। এই লক্ষণগুলো একসঙ্গে দেখা দিলে তা শরীরের ভেতরে গুরুতর কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে।
দ্রুত কেন ব্যবস্থা নেওয়া জরুরি? পরিপাকতন্ত্রের অনেক রোগ শুরুতে খুব সাধারণ লক্ষণ দিয়ে প্রকাশ পায়, যার কারণে অনেকেই তা উপেক্ষা করেন। কিন্তু সময়মতো চিকিৎসা না নিলে সমস্যা জটিল হয়ে উঠতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা সহজ হয় এবং সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে।
করণীয় কী? **শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিন। **দীর্ঘদিন ধরে সমস্যা থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। **প্রয়োজনে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের শরণাপন্ন হন। **নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
হঠাৎ অকারণে ওজন কমে যাওয়া শরীরের একটি সতর্কবার্তা। তাই নিজের শরীরের প্রতি সচেতন থাকুন, প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করুন।
সূত্র: এই সময়