জি স্যুইট অ্যাপগুলোর ব্যবহারকারীদের খুব দ্রুত নতুন ডকুমেন্ট তৈরির সুবিধা দিতে গতবছর শর্টকাট সেবা উন্মুক্ত করে গুগল। সেবাটি হচ্ছে ‘ডট (.) নিউ’ ডোমেইন, এর মাধ্যমে জি স্যুইট অ্যাপস যেমন গুগল ডকস, স্প্রেডশিট, স্লাইড, সাইট-এর মতো সেবাগুলো খুব দ্রুত ব্যবহার করা যায়।
উদাহারণস্বরূপ গুগল ডকসে নতুন ডকুমেন্ট তৈরির জন্য অ্যাপে প্রবেশ করা লাগবে না। বরং ব্রাউজারের অ্যাড্রেস বারে doc.new টাইপ করলেই নতুন ডকুমেন্ট ব্যবহার করা যাবে।
এরকম ভাবে ব্রাউজারের অ্যাড্রেস বারে sheet.new, slide.new, site.new, or form.new টাইপ করে সরাসরি সেবাগুলো ব্যবহার করা যাবে।
আর এ ধরনের সুবিধা এবার গুগল ক্যালেন্ডার ব্যবহারকারীদের জন্যও চালু করা হয়েছে। ২৪ অক্টোবর এক টুইটে গুগল জানিয়েছে, ব্রাউজারের অ্যাড্রেস বারে এখন থেকে cal.new অথবা meeting.new টাইপ করেই ক্যালেন্ডারে নতুন ইভেন্ট তৈরি করা যাবে। অর্থাৎ অ্যাপে প্রবেশ না করে ব্রাউজার থেকে দ্রুত ক্যালেন্ডারে ইভেন্ট যুক্ত করা যাবে।
অনেকেরই একাধিক গুগল অ্যাকাউন্ট থাকে। তাই একাধিক অ্যাকাউন্টে নতুন ইভেন্ট তৈরির শর্টকাট সুবিধাও এনেছে প্রতিষ্ঠানটি। উদাহরণস্বরূপ: আপনি যদি দুটি গুগল অ্যাকাউন্টে লগ-ইন করেন, তাহলে cal.new/2 টাইপ করে দ্বিতীয় অ্যাকাউন্টে ক্যালেন্ডার ইভেন্ট যুক্ত করতে পারবেন। প্রথম অ্যাকাউন্টে যেতে চাইলে কেবল 2 এর স্থানে 1 লিখলেই হবে। ঢাকা/ফিরোজ