বিজ্ঞান-প্রযুক্তি

যেভাবে জানবেন ভিনগ্রহে আপনার বয়স কত

আমাদের সৌরজগতের গ্রহগুলো খুবই বৈচিত্র্যময়। যেমন শুক্র গ্রহের তাপমাত্রা যেখানে ৪৭১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, সেখানে নেপচুন গ্রহের তাপমাত্রা মাইনাস ২০১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। 

তাপমাত্রার এই ভিন্নতার পাশাপাশি গ্রহগুলোর ঘূর্ণন গতিও ভিন্ন, যার মানে একদিন এবং এক বছরের দৈর্ঘ্য গ্রহ ভেদে অনেক আলাদা। 

আর এবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত বিজ্ঞান জাদুঘর ‘দ্য এক্সপ্লোরেটোরিয়াম এমন একটি সহজ অনলাইন ক্যালকুলেটার তৈরি করেছে, যার মাধ্যমে সৌরজগতের কোন গ্রহে আপনার বয়স কত তা আপনি মুহূর্তেই জেনে নিতে পারবেন। 

এই ক্যালকুলেটর ব্যবহার করতে ভিজিট করুন: www.exploratorium.edu/ronh/age। এখানে আপনার জন্মতারিখ লিখলেই অন্য গ্রহগুলোতে আপনার বয়স দিন এবং বছরের হিসাবে দেখা যাবে এবং পাশাপাশি আপনার পরবর্তী জন্মতারিখ কবে সেটাও জানা যাবে। 

উদাহরণস্বরূপ ধরা যাক, কারো জন্ম ১৯৯২ সালের ৪ জানুয়ারি। তাহলে পৃথিবীতে তার বয়স ২৮ বছর এবং পরবর্তী জন্মদিন হবে ২০২১ সালের ৪ জানুয়ারি। কিন্তু বুধ গ্রহের হিসাবে তার বয়স ১১৮.৯ বছর এবং পরবর্তী জন্মদিন হবে ২০২০ সালের ১ সেপেম্বর। অন্যদিকে নেপচুনে বয়স হবে মাত্র ০.১৭ বছর এবং পরবর্তী জন্মদিন হবে ২২৪০ সালের ১১ আগস্ট।

কেন এই পার্থক্য হয়, তা বুঝতে একটি দিন এবং বছরকে কিভাবে সংজ্ঞায়িত হয় তা জানাটা সহায়ক হবে। এর ব্যাখ্যায় এক্সপ্লোরেটরিয়াম বলেছে, পৃথিবী গতিশীল। আসলে, একসঙ্গে বেশ কয়েকটি ভিন্ন গতি রয়েছে। এর মধ্যে দুটি গতি খুবই উল্লেখযোগ্য। প্রথমত, পৃথিবী তার নিজ অক্ষের ওপর ঘোরে। দ্বিতীয়ত, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।

পৃথিবী তার অক্ষের ওপর ঘুরতে যে সময় নেয়, তার ওপর ভিত্তি করে দিনের দৈর্ঘ্য হিসাব করা হয়। এক্সপ্লোরেটরিয়ামের তথ্যানুসারে, গ্রহের ঘূর্ণন হারকে নিয়ন্ত্রণ করে এমন কোনো নিয়ম নেই। পুরো বিষয়টি নির্ভর করে গ্রহের মূল উপাদানের স্পিনের ওপর। যেমন বৃহস্পতি গ্রহের প্রচুর স্পিন রয়েছে, প্রতি ১০ ঘণ্টায় এটি তার অক্ষে একবার আবর্তন করে। অন্যদিকে শুক্র গ্রহ তার অক্ষে একবার আবর্তন করতে সময় নেয় ২৪৩ দিন।

সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে এক বছরের সংজ্ঞায় ফেলা হয়। পৃথিবী যেখানে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় নেয়, সেখানে তার নিকটতম গ্রহ বুধ মাত্র ৮৮ দিন সময় নেয়। দূরবর্তী বামন গ্রহ প্লুটো সময় নেয় ২৪৮ বছর।