ক্রীড়া ডেস্ক : কোপা দেল’রের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে তিন দিন আগে হারিয়েছিল বার্সেলোনা। তিন দিন ব্যবধানে এবার স্প্যানিশ লা লিগায় আবারো মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী এ দু’দল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এবারও কাতালান ক্লাবটির বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা। বার্নাব্যুতে এল ক্লাসিকোর এ ম্যাচটি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে দিন শেষে শেষ হাসি হেসেছে বার্সা। ব্লুগ্রেনাদের হয়ে জয়সূচক গোলটি করেছেন ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিতিচ। তাতে প্রতিপক্ষের মাঠে থেকে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে মেসি-সুয়ারেজরা। ক্লাসিকোতে এ জয়ের মধ্য দিয়ে মুখোমুখি লড়াইয়ে রিয়ালের চেয়ে এগিয়ে গেল বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনার এটি ৯৬তম জয়। রিয়ালের জয় ৯৫টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে চারবারের দেখায় তিনটিতেই জিতল বার্সেলোনা। দুই দলের অপর ম্যাচটি ড্র হয়েছে। লা লিগায় প্রথম পর্বে গত অক্টোবরে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে রিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। ফেব্রুয়ারিতে কোপা দেল’রে সেমি-ফাইনালের প্রথম পর্বে ন্যু ক্যাম্পে দুদলের ম্যাচটি ১-১ ড্র হয়। আর গত বুধবার ফিরতি লেগে মাদ্রিদের ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কাতালান ক্লাবটি। এবার প্রতিপক্ষের ডেরায় গিয়ে আরও এক জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের উপর আধিপত্য আরও বিস্তার করল বার্সা। বার্নাব্যুতে গতকাল রাতে ম্যাচের শুরুর দিকে আক্রমণে এগিয়ে ছিল বার্সা। ফলে ২৬তম মিনিটে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাস থামিয়ে দিতে সক্ষম হয় ভালভার্দের শিষ্যরা। এসময় সার্জিও রবার্তোর পাস ধরে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠান রাকিতিচ। ম্যাচের শেষ সময় পর্যন্ত এ গোলের শোধ দিতে ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে। স্প্যানিশ লা লিগায় এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরেকটু পাকাপোক্ত হয়েছে বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর পর ২৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট এখন ৬০। সমান ম্যাচে তাদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আর ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানটি দখলে নিয়েছে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। রাইজিংবিডি/ঢাকা/ ৩ মার্চ ২০১৯/শামীম