খেলাধুলা

পিএসজিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা রেনের

ক্রীড়া ডেস্ক : সবশেষ চার মৌসুমেই ফরাসি কাপের চ্যাম্পিয়ন তারা। কাল রেনের বিপক্ষে ম্যাচের আধা ঘণ্টার মধ্যে দুই গোলে এগিয়ে গিয়ে টানা পঞ্চম শিরোপা জয়ের স্বপ্নই দেখছিল পিএসজি। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করার পর টাইব্রেকারে পিএসজিকে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রেন। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো ফরাসি কাপ জিতল রেন। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এটি তাদের তৃতীয় শিরোপা। এ ছাড়া চারবার ফাইনালে হেরেছে তারা। স্টাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের ১৩ মিনিটেই পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন দানি আলভেজ। জাতীয় দলের সতীর্থ নেইমারের কর্নার থেকে দারুণ এক ভলিতে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গত জানুয়ারির পর প্রথমবারের মতো শুরুর একাদশে নামা নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস ধরে ডি বক্সে ঢুকে দারুণ এক চিপ শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৪০ মিনিটে পিএসজির প্রেসনেল কিমপেম্বের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় রেন। এরপর ৬৬ মিনিটে সিটয়ের গোলে ২-২ সমতা ফেরায় তারা। নির্ধারিত সময়ের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি। এর মধ্যে আবার দুই মিনিট বাকি থাকতে রেনের ড্যামিয়েন সিলভাকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। টাইব্রেকারে দুই দলের প্রথম ১১ জন খেলোয়াড়ই গোল করেন। পিএসজির মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুনকু বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারলে রেনের শিরোপা নিশ্চিত হয়ে যায়। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/পরাগ