খেলাধুলা

আর্সেনালকে উড়িয়ে দিল লেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক: মৌসুমের শেষ সময়ে এসে যেন খেঁই হারিয়ে ফেলছে আর্সেনাল। একের পর এক হারে পয়েন্ট টেবিলে শক্তি হারাচ্ছে দলটি। সবশেষ লেস্টারের বিপক্ষে হেরেছে তারা। প্রিমিয়ার লিগে এটা টানা তৃতীয় হার গানারদের। রোববার কিং পাওয়ার স্টেডিয়ামে আর্সেনালকে স্বাগত জানায় লেস্টার। নিজেদের মাঠে স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে জিতে নেয় লেস্টার সিটি। লিগে এর আগে ক্রিস্টাল প্যালেস ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে হেরেছিল আর্সেনাল। এবার তৃতীয় হারের পর পয়েন্ট টেবিলে সেরা চারে থাকা কঠিন হয়ে যাচ্ছে তাদের। প্রতিপক্ষের ডেরায় ম্যাচের ৩৬তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার এইন্সলে মেইটল্যান্ড-নাইলস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল। একজন কম নিয়ে খেলা আর্সেনালকে চেপে ধরতে থাকে লেস্টার। চাপে থেকেও প্রথমার্ধে নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয়েছিল উনাই এমেরির দল। বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লেস্টার। জেমস ম্যাডিসনের ক্রস থেকে পাওয়া বল হেড করে জালে জড়ান বেলজিয়ান ফরোয়ার্ড ইউরি টিলেমানস। ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমি ভার্ডি। যোগ করা সময়ে আরও এক গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ভার্ডি। লিগে এ হারের পর ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এক ম্যাচ কম খেলা চেলসি। আজ জয় পেলে ব্লুজদের ছাড়িয়ে যেতে পারতো আর্সেনাল। অন্যদিকে ৫১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লেস্টার সিটি। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/শামীম