খেলাধুলা

কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে লাওস

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ সোমবার মুখোমুখি হয় লাওস ও কিরগিজস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে নাম লিখিয়েছে লাওস। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও মঙ্গোলিয়া। এই ম্যাচের বিজয়ী দল ৩ মে শুক্রবার ফাইনালে লাওসের মুখোমুখি হবে। লাওসের গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন মিডফিল্ডার পিই। একটি করে গোল করেছেন ভেদি ইন্থিয়া, মনথিপ সিসাকেথ ও লানয় ভনসিঙ্কহাম। সোমবার ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় লাওস। এ সময় নিজেদের অর্ধে থ্রোন ইন থেকে বল পেয়ে একাই টেনে নিয়ে গিয়ে জালে জড়িয়ে দিয়ে আসেন পিই। ২১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪২ মিনিটে কিরগিজস্তান একটি গোল শোধ দেয়। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লাওস। বিরতির পর লাওস আরো পাঁচবার কিরগিজস্তানের জালে বল জড়ায়। তার মধ্যে পিই দুইবার, ভেদি ইন্থিয়া, মনথিপ সিসাকেথ ও লানয় ভনসিঙ্কহাম একবার করে বল জড়ান। তাতে ৭-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাওস।  

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/আমিনুল