ক্রীড়া ডেস্ক: মৌসুমের শেষ সময়ে এসে যেন হাল ছেড়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। সব প্রতিযোগিতায় নিজেদের শেষ ছয় ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে ক্লাবটি। লিগ ওয়ানে গতকাল রাতে মোঁপেলিয়ের বিপক্ষেও হেরেছে ফরাসি লিগে এবারও চ্যাম্পিয়ন হওয়া দলটি। এস্তাদিও ডি লা মোসনে গতকাল খেলতে যায় পিএসজি। প্রতিপক্ষের মাঠে ৩-২ ব্যবধানে হার নিয়ে ফিরে থমাস টুখেলের শিষ্যরা। ফরাসি কাপের ফাইনালে কদিন আগে টাইব্রেকারে রেনের কাছে হেরেছিল পিএসজি। এবার হারল মোঁপেলিয়ের কাছে। দুই আত্মঘাতী গোলে প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ার্ধে পিএসজিকে এগিয়ে নেন ডি মারিয়া। শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় মোঁপেলিয়ে। গতকাল রাতে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ক্যামেরুনের লেফট-ব্যাক আমব্রোইসে ওইয়োনগো বল পাঠান নিজেদের জালে। নয় মিনিট পর আরেকটি আত্মঘাতী গোলে সমতা ফিরে ম্যাচে। পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে নিজেদের জালে বল পাঠালে ১-১ গোলে সমতা আসে। বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে মার্কোনিয়োসের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে পিএসজিকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া। ১৮ মিনিট পর ডান পায়ের শটে জাল খুঁজে নেন অ্যান্ডি ডেলোর্ট। তবে ৮৫তম মিনিটে এগিয়ে যায় মোঁপেলিয়ে। দলটির হয়ে এসময় গোল পান সুলেয়মানে কামারা। লিগে এ হারের পর ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি। একই ম্যাচ ব্যবধানে ৫৪ পয়েন্ট নিয়ে মোঁপেলিয়ের রয়েছে পঞ্চম স্থানে। রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/শামীম