ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় শিরোপা নিশ্চিতের পর কোপা দেল’রেতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ফাইনালে হেরে টানা পঞ্চম শিরোপা জয়ের সুযোগ হারাল কাতালান ক্লাবটি। দলের এমন ব্যর্থতার পরও কোচ আর্নেস্তো ভালভার্দের দোষ দেখছেন না ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ। কোপা দেল’রের ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে হারের পর শেষ দিকে কোপা দেল’রেতেও এমন দুর্দশার পর কেচের ওপর ক্ষোভ নেই বার্সা কর্তৃপক্ষের।ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের পর বার্সা সভাপতি বার্তোমেউর বক্তব্যে ভরসা পাচ্ছেন কোচ ভালভার্দে। ‘আমি মনে করি না সে (ভালভার্দে) দোষী। আমাদের বেশ কিছু সুযোগ ছিল, কিন্তু খেলোয়াড়রা জালের দেখা পায়নি। শেষপর্যন্ত গোলের হিসেবে ভ্যালেন্সিয়া আমাদের চেয়ে এক গোল এগিয়ে ছিল। এই মৌসুমটিকে খুব ভালো কিংবা খারাপ বলা যাবে না। তবে আমরা কোপা দেল’রের ফাইনাল এবং চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছিলাম। শেষ দিকে আমরা দুটি ম্যাচ হেরেছি। তবে আমরা চ্যাম্পিয়নস লিগের বাইরে এবং কোপার রানার্সআপ হিসেবে রয়েছি।’ বার্সা কর্তৃপক্ষকে পাশে পেয়ে ভালভার্দেও বেঁচে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সবশেষ হারের পর অনুভূতি জানতে চাওয়া হলে ভালভার্দে বলেন, ‘আমি ভালো আছি। আপনি যখন জিতবেন স্বাভাবিকভাবে ভালো লাগবে, কিন্তু লিভারপুলের কাছে হেরে গিয়ে অনুভূতিটা হয়তো ভিন্নরকম ছিলো, এমনকি আবার আজকে হেরে গিয়েও।’ রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/শামীম