ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়রথ ছুটছেই। বার্নলিকে তাদের মাঠেই ৩-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
চলতি মৌসুমে লিগে লিভারপুল জিতল তাদের প্রথম চার ম্যাচই। সেই সঙ্গে তারা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো লিগে জিতল টানা ১৩ ম্যাচ। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৯৬০ সালে টটেনহাম হটস্পারের পর মাত্র দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়ল ‘অল রেড’রা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে লিভারপুলের এগিয়ে যাওয়াতে ছিল ভাগ্যের ছোঁয়া। আত্মঘাতী গোল করে বসেন বার্নলির ফরোয়ার্ড ক্রিস উড।
৩৭ মিনিটে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। আর ৮০ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।
প্রিমিয়ার লিগে ফিরমিনোর এটি ৫০তম গোল। প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে তিনি গোলের হাফ সেঞ্চুরি করলেন।
চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। একই দিন ব্রাইটনকে ৪-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/পরাগ