খেলাধুলা

বৃষ্টিস্নাত সকালে মিথুন-ইমরুলের এক ঘণ্টার সেশন (ভিডিও)

সূচি অনুযায়ী ইমরুল কায়েসের আজ মিরপুর শের-ই-বাংলায় রানিং করার কথা। এরপর জিম সেশন ও ব‌্যাটিং। কিন্তু দিনের শুরুতে খোলা আকাশে কিছুই করতে পারলেন না বাঁহাতি টপ অর্ডার ব‌্যাটসম‌্যান।

বৃষ্টির সকালে সময়মতো মাঠে এসেছিলেন তিনি। বৃষ্টি ভেস্তে যায় তার অনুশীলনের প্রথম পর্ব। তবে বসে না থেকে ইমরুল সময় কাটিয়েছেন ইনডোরে। ইনডোরে ঘাম ঝরিয়েছেন রানিং করে। এরপর ১১টা থেকে ১২টা পযন্ত ইনডোরে ব‌্যাটিং করেছেন। ইমরুলের আগে নেটে সময় দিয়েছেন মোহাম্মদ মিথুন। তার সকাল সাড়ে ১০টায় ব‌্যাটিং করার কথা থাকলেও এর আগেই অনুশীলন শুরু করেন।

বৃষ্টির সকালে ঘণ্টাখানেকের বেশি সময় ব‌্যাটিং ঝালিয়ে নিয়েছেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। এর আগে গতকালও ব‌্যাটিং অনুশীলন করেছেন তিনি। এদিকে চার মাস পর ব‌্যাটিং করে আপ্লুত ইমরুল। ভিডিও বার্তায় ইমরুল বলেছেন,‘প্রায় চার মাস পর ব্যাটিং করলাম। একটু অন্যরকম অনুভূতি। খুব ভালো লাগছে। ঘরে বসে আমরা ওয়ার্কআউট বা জিম করেছি কিন্তু ব্যাটিং করার অভ্যাসটা গড়ে উঠেনি। চার মাস পর ব্যাটিং করে তাই খুব ভালো লাগছে।’

করোনার কারণে গত ১৭ মার্চের পর ক্রিকেটাররা গৃহবন্দী হয়ে ছিলেন। এর আগে ব্যস্ত ছিলেন প্রিমিয়ার লিগ নিয়ে। নিয়মিত ফিটনেস এবং স্কিল ট্রেনিংয়ে ছিলেন। তখন ম্যাচ ফিটনেস ছিল আপ টু মার্ক। ব্যাট-বলের রসায়নও ছিলেন দারুণ। সেই ফিটনেস ও সময় ফিরে পেতে তাদের আরও সময় দিতে হবে ক্রিকেটারদের। তবে ঐচ্ছিক এ অনুশীলন পর্ব নিজেদেরকে একধাপ এগিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করেন ইমরুল।

‘আশা করি এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারব। এ ফাঁকা সময়ে আমরা স্কিল বা ফিট নিয়ে কাজ করতে পারব। একজন ক্রিকেটারের জন‌্য এটা খুব ভালো সময়। যদি এ সময়টুকু সঠিকভাবে কাজে লাগাতে পারি, আমার মনে হয় স্কিল এবং ফিটনেসের দিক দিয়ে আরেক ধাপ এগিয়ে যেতে পারব।’- বলেছেন ইমরুল।

গতকাল মিথুনের সঙ্গে অনুশীলনে ছিলেন মুশফিক ও শফিউল। আজ তারা ছিলেন বিরতিতে। আগামীকাল মিথুন বিরতিতে থাকবেন। অনুশীলন করবেন মুশফিক, ইমরুল ও শফিউল।

 

ঢাকা/ইয়াসিন