খেলাধুলা

আট মাস পেছালো ওয়ানডে বিশ্বকাপ

করোনার কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আট মাস পিছিয়েছে। ইন্টারন‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার এক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করেছে।

২০২৩ সালে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। পূর্বের সূচি অনুযায়ী হচ্ছে না পঞ্চাশ ওভারের এ টুর্নামেন্ট। আইসিসির নতুন সূচি অনুযায়ী অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ। ২৬ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আইসিসির আজকের বৈঠকে উপস্থিত ছিল আইবিসির (দ‌্য কমার্সিয়াল সাবসিডিয়ারি অব দ‌্য আইসিসি) প্রতিনিধিরা। করোনাভাইরাসের কারণে ছেলেদের পরবর্তী তিন আইসিসি ইভেন্ট নিয়ে আলোচনা হয়েছে আজকের সভায়।

২০২০ সালের টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। পূর্বের সূচি অনুযায়ী ২০২১ সালেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাও অক্টোবর-নভেম্বরে। তবে ওয়ানডে বিশ্বকাপের সূচি পরিবর্তন করে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা মোটেও ভালো সিদ্ধান্ত হবে না। এজন‌্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আট মাস পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের শুরুর সময় ঘোষণা করেনি আইসিসি। তবে ২৬ নভেম্বর হবে ফাইনাল।

আইসিসির প্রধান নির্বাহী মানু শাহনে বলেছেন, ‘আমাদের সদস‌্যরা বৈশ্বিক টুর্নামেন্টগুলোর পশাপাশি দ্বিপাক্ষিক এবং ঘরোয়া টুর্নামেন্ট গুলো নিয়েও কাজ করছে। সবধরণের খেলা যেন মাঠে চলতে পারে সেজন‌্য সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সেই জন্য ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ হবে নতুন সূচিতে।’

   

ঢাকা/ইয়াসিন/কামরুল