খেলাধুলা

মেসির ইন্টারে যাওয়ার গুঞ্জন

১৬ নভেম্বর ২০০৩, বার্সেলোনার জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। সেই থেকে কাতালান শিবিরে মেসি কাটিয়ে দিলেন ১৭ বছর।

এই লম্বা সময়ে বার্সেলোনা সুপারস্টারকে পেতে খুব কম ক্লাবই সাহস করেছিল। সবচেয়ে বড় প্রস্তাব দিয়েছিল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ২০০৮ সালে ২১ বছর বয়সী মেসিকে পেতে বার্সেলোনার থেকে বেশি সুযোগ সুবিধা দিবে বলে প্রস্তাব দিয়েছিল ইন্টার। তবে টাকার চেয়ে ক্লাবকে প্রাধান্য দিয়ে মেসি থেকে যায় বার্সেলোনাতেই।

এক যুগ পর আবারও মেসির পানে চেয়ে ইন্টার। এবার গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছে মেসির বার্সার প্রতি বিরক্তি এবং এই আর্জেন্টাইন তারকার বাবার কাজকর্ম। সেজন্য ইতালিয়ান পত্রিকা ‘লা গ্যাজেত্তা দেল স্পোর্ট’ নিজেদের ফ্রন্ট পেজে মেসিকে নিয়ে লিখেছে, ‘ইন্টার মেসি বেনে’। যার অর্থ মেসি ইন্টারে ভালো থাকবে।

শান্ত স্বভাবের মেসিকে সদ্য শেষ হওয়া মৌসুমে বেশি সরব দেখা গেছে। এই সময় বার্সেলোনার কর্তাব্যক্তিদের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন মেসি। মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতেও মুখ খুলতে দেখা যায় তাকে। এছাড়াও দলবদলের সময় তার পছন্দের ফুটবলারকে দলে না ভেড়ানোর কথাও ওঠে বারবার।

এক পর্যায়ে মেসিকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হলে, সেখানেও না করেন মেসি। ফলে ২০২১ এর গ্রীষ্মকালীন মৌসুমের পর কাতালান ক্লাবটির সঙ্গে আর কোনো চুক্তি থাকছে না মেসির। এছাড়া সতীর্থদের ব্যর্থতায় চলতি লা লিগার শিরোপা হারানোতে আরও রেগে যান মেসি। সরাসরি সমালোচনা করেন সবার। আর ক্লাবের প্রতি মেসির এই বিরক্তিকে কাজে লাগাতে চাইছে ইন্টার মিলান।

যেহেতু কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াননি মেসি, তাই আর্জেন্টাইন এই তারকাকে দলে ভেড়ানোর আশা নেরাজ্জুরিদের। এই জন্য ক্লাবটির স্বত্বাধিকার সানিং গ্রুপও বেশ আগ্রহী। ইন্টারের সভাপতি স্টিভেন জ্যাং তো জানিয়ে দিয়েছেন, তারা অর্থ নিয়ে বসে আছেন মেসিকে ভেড়াতে।

এদিকে এমন গুঞ্জনের সময় রহস্যজনক আচরণ করা শুরু করেন মেসির এজেন্ট, তার বাবা হোর্হে মেসি। তিনি মিলানে আগস্ট থেকে ব্যবসা শুরু করতে যাচ্ছেন। ইতিমধ্যে সেখানে একটা বাড়িও কিনে ফেলেছেন। ফলে সংবাদ মাধ্যমে খবর রটেছে, মেসির ইন্টারে যোগদান উপলক্ষে এমন কাজ করছেন হোর্হে।

শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে বার্সেলোনা-মেসি-ইন্টার মিলান এর মধ্যে? মেসি কি সত্যি যোগ দেবেন ইন্টারে? নাকি শেষ পর্যন্ত কাতালান ক্লাবেই থেকে যাবেন আর্জেন্টাইন এ তারকা? সব প্রশ্নের উত্তর তোলা থাক সময়ের হাতেই। ঢাকা/কামরুল