হোর্হে পোকোয়ুর্ত এবং তার কুয়াত্রেকাসা ল ফার্ম ভুলেও হয়ত ভাবেননি এমন কিছু ঘটতে চলেছে। তবে জোসেফ মারিয়া বার্তোমেউ একদমই সহ্য করতে পারেননি। আর তাই দীর্ঘদিন ধরে বার্সেলোনার হয়ে কাজ করা এই আইনজীবী এবং তার ল ফার্মকে সরিয়ে দিতে দুইবার ভাবেননি।
ঘটনার সূত্রপাত মেসির বুরোফ্যাক্সকে ঘিরে। ২৫ আগস্ট সেই ফ্যাক্সে মেসি জানিয়ে দিয়েছিলেন, আর থাকছেন না তিনি। বার্সেলোনা কর্তৃপক্ষের বিশ্বাস, অখ্যাত বুরোফ্যাক্সে মেসির চলে যাওয়ার চিঠিটি দেওয়ার পরামর্শ দিয়েছেন তাদের এই আইনজীবীরাই। আর এটি ক্লাবের স্বার্থের বিপক্ষে গিয়েছে। চুক্তিবদ্ধ থাকাকালীন মেসিকে এমন পরামর্শ দেওয়ায় বার্তোমেউ ছাঁটাই করেছেন দুঃসময়ে ক্লাবের পাশে থাকা এই আইনজীবীদের। স্প্যানিশ সংবাদমাধ্যম ক্রোনিকা গ্লোবাল বিষয়টি সামনে নিয়ে এসেছে।
পোকোয়ুর্ত এবং তার ল ফার্ম দীর্ঘদিন ধরে নানা দুঃসময়ে বার্সেলোনার পাশে ছিলেন। সম্প্রতি ক্লাব সভাপতি বার্তোমেউর বিপক্ষে বার্সার বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপদস্থ করার অভিযোগ ওঠে। আর সেই অপবাদ থেকে মুক্ত করেছেন বার্সার আইনজীবীরা। এছাড়াও নেইমার ইস্যুও দারুণভাবে সামাল দিয়েছেন পোকোয়ুর্ত।
এই আইনজীবীদের সঙ্গে মেসির সম্পর্কও দীর্ঘদিনের। নানা সমস্যায় তাদের সঙ্গেই যোগাযোগ করে থাকেন আর্জেন্টাইন তারকা। স্পেনে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে তার পক্ষে লড়েছিলেন তারাই। দুই পক্ষের গোপন বিষয় জানা পোকোয়ুর্ত ও তার ফার্ম কি দু’পক্ষের মধ্যে আইনী লড়াইয়ে মেসির পক্ষ নেন কিনা, সেটি এখন দেখার বিষয়।