ছয় মাস পর মাঠে ফিরে সেঞ্চুরি পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে রানের পাশাপাশি বোলিংয়ে উইকেট পেয়েছেন মার্কস স্টনিস।
ইংল্যান্ড সফরে থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন এ দুই ক্রিকেটার। তবুও জেতেনি তাদের দল। ম্যাক্সওয়েলের ১০৮ ও স্টনিসের ৮৭ রানে কামিন্স একাদশ ৮ উইকেটে ২৫০ রান তোলে। জবাবে ফিঞ্চ একাদশ ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। সর্বোচ্চ ৫৯ রান করেন টাই। স্টার্কের ব্যাট থেকে আসে ৪১ রান। বল হাতে ৩১ রানে ৪ উইকেট নেন স্টনিস।
তিন ওয়ানডে খেলতে বিশ্বচ্যাম্পিয়নদের দেশে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে অসিদের আতিথেয়তা দেবে ইংল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির কোনো কমতি রাখছে না অসিরা। নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ লো স্কোরিং হলেও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়েছে।
ম্যাথু ওয়েড ও স্টিভেন স্মিথ দলীয় ৯ রানে সাজঘরে ফেরেন। সেখানে দলের হাল ধরেন ম্যাক্সওয়েল ও স্টনিস। ফেব্রুয়ারিতে বিগ ব্যাশের ফাইনালের পর প্রথম মাঠে নেমেছিলেন ম্যাক্সওয়েল। মাঠে ফিরেই তিন অঙ্ক ছুঁয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। তার সঙ্গে দ্যুতি ছড়ান স্টনিস। দুইজন তৃতীয় উইকেট জুটিতে ২৬ ওভারে ১৭৪ রান করেন। জমাট জুটিতে দুইটি করে ছক্কা হাঁকান প্রত্যেকে।
তাদের ব্যাটে কামিন্স একাদশের স্কোরবোর্ডে জমা হয় ২৪৯ রান। নাথান লায়ন সর্বোচ্চ ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়ায় ডেভিড ওয়ার্নার ৪৪ বলে ৩৪ রান করেন। তবে দলকে জয়ের স্বাদ দেন টাই ও স্টার্ক। তাদের জুটিতে ইনিংসের মধ্যভাগে প্রতিরোধ পায় ফিঞ্চ একাদশ।