আর্চারি বিশ্বকাপ ২০২১ স্টেজ-২ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রূপা জিতেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। বাংলাদেশের এ সাফল্যে আর্চারি দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আর্চারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আর্চার দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বাংলাদেশ আর্চারি দল বিশেষ করে রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, সেদিন বেশি দূরে নয় যেদিন আর্চারিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে এবং বিশ্ব অলিম্পিকে আমাদের আর্চাররা সোনা জিতবে।’
তিনি আরও উল্লেখ করেন, আর্চারির উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলোয়াড়দের দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদান, সার্বক্ষণিক বিদেশি কোচের ব্যবস্থা করাসহ টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামকে আর্চারির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (২৩ মে) সুইজারল্যান্ডের লুজানে ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে রৌপ্য পদক অর্জন করে রোমান ও দিয়া জুটি।
তার আগে সেমিফাইনালে তারা ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠেন তারা।