খেলাধুলা

শ্রীলঙ্কার বিরুদ্ধেই সাকিবের সবচেয়ে বেশি শূন্য

পছন্দের পজিশনে ফিরেছেন। কিন্তু চেনা ছন্দ নেই। সাকিব আল হাসান ‘নিষ্প্রভ’ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে। 

মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে করেছিলেন ১৫ রান। আজ রানের খাতা খুলতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান। পেসার দুশমন্ত চামেরার বল মিস করে এলবিডব্লিউ হন সাকিব। ১৭ ইনিংস পর সাকিব আউট হলেন শূন্য রানে। ক্যারিয়ারে এটি তার ১১তম শূন্য। পরিসংখ্যান বলছে, সীমিত পরিসরের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি তিন বার ডাক মেরেছেন সাকিব। ২টি করে ডাক আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। ১টি করে ডাক আফগানিস্তান, ভারত, নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

ডাক মারায় বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে এগিয়ে হাবিবুল বাশার ও তামিম ইকবাল। যৌথভাবে দুই ক্রিকেটার ১৮টি করে ডাক মেরেছেন। ১৫টি করে ডাক আছে মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মুর্তজার। সাকিবের সঙ্গে ১১টি করে ডাক আছে রুবেল, শাহরিয়ার নাফিসের।

শ্রীলঙ্কার বিপক্ষে শূন্যের অনাকাঙ্খিত রেকর্ড থাকলেও তাদের বিপক্ষে বেশ সফল সাকিব। ২৪ ওয়ানডেতে ৩১.১০ গড়ে ৬২২ রান করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি আছে ৬টি। তার থেকে এগিয়ে আছেন তামিম (৭৩১) ও মুশফিকুর রহিম (৮৮৪*) ।