খেলাধুলা

বৃষ্টির আগে জুনায়েদের ব্যাটিং দৃঢ়তা

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে পয়েন্ট ভাগাভাগি করলো ব্রাদার্স ইউনিয়ন এবং প্রাইম দোশ্বেলর স্পোর্টিং ক্লাব। সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে তাদের লড়াই বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বৃষ্টির আগে ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন ব্রার্দাসের ওপেনার জুনায়েদ সিদ্দীক।

তার ৪৮ রানের সুবাদে ব্রাদার্স ১৮.৪ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তুলে। এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ হয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না থামায় দুই দলকে সমান ১ পয়েন্ট পেয়ে যায়। টস জিতে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সের শুরুটা ছিল ভালো। উদ্বোধনী জুটিতে ৬.৩ ওভারে ৫০ রান তোলেন জুনায়েদ ও মিজানুর রহমান।

এ জুটি ভাঙেন এনামুল হক জুনিয়র। ব্রাদার্সের অধিনায়ক মিজানুর ২৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৩১ রান করেন। এরপর ব্রাদার্সের হয়ে একাই লড়াই করেন জুনায়েদ। একপ্রান্ত থেকে জুনায়েদ রান করলেও অন্যপ্রান্ত থেকে ধারাবাহিক উইকেট হারায় ব্রাদার্স।

তাতে জুনায়েদের ব্যাটিংও স্লো হয়ে যায়। বাঁহাতি ব্যাটসম্যান শেষমেশ ৫০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন। শেষ দিকে আলাউদ্দীন বাবু ১১ বলে ২০ রান করে দলকে লড়াইয়ে রাখেন।প্রাইম দোলেশ্বরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন স্পিনার শরীফউল্লাহ ও কামরুল ইসলাম রাব্বী।