আইপিএলের ইতিহাসে প্রথমবার একই সময়ে দুটি ম্যাচ শুরু হতে যাচ্ছে। চলতি আসরের লিগ পর্ব শেষ হবে ৮ অক্টোবর, ওই দিন বিকালের ম্যাচ পিছিয়ে নেওয়া হয়েছে রাতের ম্যাচটির সঙ্গে। মানে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রাথমিক সূচি অনুযায়ী ওই দিন আবুধাবিতে বিকাল ৪টায় হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা। সেটি পিছিয়ে নেওয়া হয়েছে চার ঘণ্টা। একই সময়ে দুবাইতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূচি পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক কারণ এখনও জানায়নি বিসিসিআই। সেক্রেটারি জয় শাহর স্বাক্ষরিত একটি বিবৃতি দিয়েছে তারা, ‘আইপিএলে প্রথমবার, প্লে অফের আগে শেষ দুটি লিগ ম্যাচ হবে একই সময়ে। চলতি আসরে লিগ পর্বের শেষ দিন বিকালে ও রাতে একটি করে ম্যাচের বদলে দুটি ম্যাচ (হায়দরাবাদ-মুম্বাই, বেঙ্গালুরু-দিল্লি) হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।’
একই ঘোষণায় জানানো হয়েছে, গভর্নিং কাউন্সিল আগামী ২৫ অক্টোবর নতুন দুটি দলের নাম ঘোষণা করবে। তারপরই ২০২৩-২০২৭ চক্রের জন্য আইপিএল মিডিয়া রাইটস প্রকাশ করবে।