খেলাধুলা

ওয়ালটন প্রথম জাতীয় সেস্টোবল প্রতিযোগিতার ফাইনালে পুলিশ ও আনসার

‘ওয়ালটন প্রথম জাতীয় সেস্টোবল প্রতিযোগিতা-২০২১ (নারী ও পুরুষ)’ এর উভয় বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ২২-৪ পয়েন্টের ব্যবধানে রিংকু স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অপর সেমিফাইনালে বাংলাদেশ আনসার ২২-১২ পয়েন্টের ব্যবধানে জহিরুল ইসলাম স্পোর্টস একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠে।

এদিকে নারী বিভাগের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ২৬-০৮ পয়েন্টের ব্যবধানে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে জহিরুল ইসলাম স্পোর্টস একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

আগামীকাল বৃহস্পতিবার সকালে পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও আনসার। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।

ওয়ালটন প্রথম জাতীয় সেস্টোবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব, মা মুনি স্পোর্টিং ক্লাব, নাইন স্টার যুব সংঘ, জহিরুল ইসলাম স্পোর্টস একাডেমি ও রিংকু স্পোর্টিং ক্লাব।

নারী বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব, মা মুনি স্পোর্টিং ক্লাব, ঢাকা জেলা, শরীয়তপুর সেস্টোবল একাডেমি ও জহিরুল ইসলাম স্পোর্টিং একাডেমি।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।