খেলাধুলা

মাহমুদউল্লাহর ঝড়ে কুমিল্লাকে চ্যালেঞ্জ ছুড়ল ঢাকা 

মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মিনিস্টার ঢাকা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পর্বের শেষ দিনে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৮২ রানের লক্ষ্য দেয় মাহমুদউল্লাহর দল।

ব্যাটিং করতে নেমে শুরুতেই ফেরেন মোহাম্মদ শাহজাদ (৬)। তামিম ইকবালের সঙ্গী হন ইমরানুজ্জামান। তিনিও বেশিক্ষণ টেকেননি ক্রিজে। ১৫ রান করে ফেরেন সাজঘরে। এবার তামিম-মাহমুদউল্লাহ হাল ধরেন দলের। দারুণ খেলতে থাকা তামিম ৪৬ রান করে আউট হলে দুজনের ৩০ রানের জুটি ভেঙে যায়। ৩৫ বলে ২ চার ও ৩ ছয়ে এই রান করেন তামিম।

তামিম ফিরলেও রানের চাকা সচল রাখেন মাহমুদউল্লাহ। কখনো তার সঙ্গী হন শুভাগত, কখনো আন্দ্রে রাসেল আবার কখনো মোহাম্মদ নাঈম-মাশরাফি। কাউকেই সঙ্গী হিসেবে লম্বা সময় পাননি। শেষ পর্যন্ত ৪১ বলে ৭০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ফিফটি করেছেন ৩৪ বলে। তার ইনিংসে চারের মার ৩টি আর ছয়ের মার ৪টি। এর মধ্যে দিয়ে মাহমুদউল্লাহ বিপিএলে ২ হাজার ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক অর্জন করেন।

আগের ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করা নাহিদুল ইসলাম এই ম্যাচে উইকেটের দেখা পাননি। তবে রানও খুব একটা বেশি দেননি। ওভার প্রতি দিয়েছেন ৬ করে। সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। খরুচে ছিলেন করিম জানাত।