শুক্রবার (০৪ মার্চ) জীবনাবসান ঘটে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের। থাইল্যান্ডে ওয়ার্নি ভিলায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মাত্র ৫২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ান এই স্পিনার।
মারা যাওয়ার চারদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার জীবনের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন।
আগের একটি মেদহীন ঝরঝরে শরীরের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘দশদিন ধরে মেদ ঝরানোর মিশন শুরু করেছি এবং জুলাইয়ের মধ্যে কয়েক বছর আগের এই রূপে ফিরতে চাই! লেটস গো। #হেলদি #ফিটনেস #ফিলগুড।’
তিনি লক্ষ্য নির্ধারণ করেছিলেন জুলাই মাসের মধ্যে আবার মেদহীন শরীর গঠন করার। কিন্তু ক্রিকেট মাঠে অনেক লক্ষ্য ছুঁয়ে ফেলা ওয়ার্নার জীবনের শেষ ইচ্ছাটা ছোঁয়ার আগেই চিরবিদায় নিলেন।
শেন ওয়ার্ন তার ১৬ বছরের ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন। নানা রেকর্ড তার পদতলে গড়াগড়ি দিয়েছে। ৩৩৯টি আন্তর্জাতিক ম্যাচে অজি এই স্পিনার রেকর্ড ১ হাজার ১ উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে ৩৮ বার নিয়েছেন ৫ উইকেট। আর ১০ বার নিয়েছেন ১০ উইকেট (সবগুলোই টেস্টে)।
বিশ্বের যে দুজন ক্রিকেটার তাদের টেস্ট ক্যারিয়ারে ৭০০-এর অধিক উইকেট শিকার করেছেন তার মধ্যে ওয়ার্নার একজন। তিনি ৭০৮টি উইকেট নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে। অন্যজন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। তিনি শিকার করেছেন ৮০০ উইকেট।