জন্মভূমিতে ফিরে অল্পের জন্য সেঞ্চুরি হলো না উসমান খাজার। কিন্তু চাপে থাকা অস্ট্রেলিয়া ব্যাট হাতে ভালোই জবাব দিলো তার সঙ্গে ডেভিড ওয়ার্নারের শক্ত উদ্বোধনী জুটিতে।
৪ উইকেটে ৪৭৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ২৭১ রানে। বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান মার্নাস লাবুশেন ফ্ল্যাট পিচের সদ্ব্যবহার করে ৬৯ রানে অপরাজিত, কোনো ধরনের বাধা ছাড়া ২৪ রানে দিন শেষ করেছেন অন্য প্রান্তে থাকা স্টিভ স্মিথ।
আলোকস্বল্পতার কারণে টানা দুই দিন এক ঘণ্টা আগেই খেলা শেষ হয়। এদিন বল হয়েছে ৭২ ওভার। বলা যায়, প্রায় গোটা দুই দিন ফিল্ডিং করার পর অস্ট্রেলিয়া পাকিস্তানের চ্যালেঞ্জের বিরুদ্ধে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে সাড়া পেয়েছে ভালোভাবে।
পাকিস্তানের আজহার আলী ও ইমাম উল হকের মতো দাঁতভাঙা জবাব দিতে চেয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশন তারা কোনো উইকেট না হারিয়ে ১৩৮ রান করে। ওপেনার হিসেবে ফিরে খাজা প্রত্যাবর্তনের পর শেষ পাঁচ ইনিংসে তৃতীয় টেস্ট সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু বাঁহাতি স্পিনার নওমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে গ্লাভস ছুঁয়ে বল চলে যায় শর্ট লেগে।
আম্পায়ার নট আউট দিলেও রিপ্লেতে দেখা যায় ইমামের হাতে বল যাওয়ার আগে খাজার গ্লাভসে লেগেছিল। ১৫৯ বলে ১৫ চারে ৯৭ রানে থামেন অজি ওপেনার। এর আগে ওয়ার্নার ৬৮ রান করে সাজিদ খানের কাছে বোল্ড হন। তাতে ভাঙে ১৫৬ রানের উদ্বোধনী জুটি।
খাজা মাত্র তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লাবুশেনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ার পর। তারপর থেকে ক্রিজে স্বাচ্ছন্দ্যে কাটান স্মিথ ও লাবুশেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬৮ রানের। তাতে এই টেস্টে প্রথমবার গোটা দিনজুড়ে দাপট দেখাল অজিরা।