খেলাধুলা

লাইভ শোতে ভক্তের বিয়ের প্রস্তাবে বিব্রত ইমাম

পাকিস্তানের বাঁহাতি ওপেনার ইমাম-উল-হককে বিব্রতকর অবস্থার মধ্যে ফেললেন এক নারী ভক্ত। জিও নিউজের কমেডি শো ‘হাসনা মানা হে’ চলাকালে তারকা ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

লাইভ শোয়ে দর্শক সারিতে বসে থাকা এক নারী মাইক্রোফোন হাতে ইমামকে বিয়ের প্রস্তাব দেন। ভক্তের এই কাণ্ডে লজ্জায় লাল হয়ে যান পাকিস্তানি ওপেনার। কী বলবেন বুঝতে পারছিলেন না।

ওই নারী প্রশ্ন করেন, ‘আপনি আমাকে বিয়ে করবেন?’ বিব্রত ইমাম জবাব দেন, ‘কী বলা উচিত আমার?’ তখন মেয়েটি বলেন, ‘দয়া করে না বলবেন না, আমি যে কোনো কিছু করতে পারব।’ ইমাম বলেন, ‘আপনাকে আমার মায়ের কাছে যেতে হবে।’ মেয়েটিও মেনে নেন, ‘আচ্ছা, আমি যাব।’

এরপরই অবশ্য গম্ভীর উত্তরে ইমাম জানান, শিগগিরই তার বিয়ের পরিকল্পনা নেই, ‘এখন আমার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। হয়তো দেড় বছর পর আমাকে বিয়ের পিঁড়িতে দেখতে পাবেন। কিন্তু এখন আমার মনোযোগ ক্রিকেটে।’

বিয়ে সম্পর্কিত আরেকটি প্রশ্নে ইমাম বলেন, ‘প্রথমে বাবর আজম বিয়ে করুক, তারপর আমি এটা নিয়ে ভাবব।’

সাবেক পাকিস্তানি তারকা ইনজামাম উল হকের ভাতিজা ইমাম ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখেন। তারপর থেকে ১৪ টেস্ট, ৪৯ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন।