তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১০ উইকেটে জিতলো ভারত। দ্বিতীয়টি ১০০ রানে জিতলো ইংল্যান্ড। তাতে তৃতীয়টি হলো অলিখিত ফাইনাল। রোববার সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। সিরিজ জিততে ভারতের প্রয়োজন ২৬০ রান। আর ইংল্যান্ডের দরকার এই রানের আগেই ভারতকে আটকে রাখা।
অবশ্য টস হেরে ব্যাট করতে নেমে ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো শূন্য, জো রুট শূন্য, জ্যাসন রয় ৪১ ও বেন স্টোকস ২৭ রান করে আউট জন। চারটি উইকেট ভাগাভাগি করে নেন হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ সিরাজ।
এরপর জস বাটলার ও মঈন আলী ৭৫ রানের জুটি গড়েন। ১৪৯ রানের মাথায় পান্ডিয়ার তৃতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন মঈন আলী (২৭)। এরপর লিয়াম লিভিংস্টনকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৯ রান তোলেন বাটলার। ১৯৮ রানে পান্ডিয়ার চতুর্থ শিকার হয়ে ফেরেন লিভিংস্টন (২৭)।
১৯৯ রানে আউট হন অধিনায়ক বাটলার। তিনি ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করে যান। এরপর ডেভিড উইলির ১৮ ও ক্রেইগ ওভারটনের ৩২ রানের ইনিংসে ভর করে ৪৫.৫ ওভারে ২৫৯ রান তুলতে সমর্থ হয় ইংলিশরা।
বল হাতে পান্ডিয়া ৪টি, যুজবেন্দ্র চাহাল ৩টি ও মোহাম্মদ সিরাজ ২টি উইকেট নেন।