খেলাধুলা

মাঠে খেলছেন সাকিবরা, হোটেলে বিশ্রামে ডমিঙ্গো

এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ চলছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লাল দল-সবুজ দলে ভাগ হয়ে খেলছেন সাকিব আল হাসান-আফিফ হোসেনরা। কিন্তু কোথাও দেখা নেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

রোববার দেড়টা থেকে শুরু হয় লাল দল-সবুজ দলের ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডমিঙ্গো মিরপুরে আসেননি।

এই ব্যাপারে জানতে চাইলে টিম ম্যানেজম্যান্টের একজন কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘এই ব্যাপারে আসলে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সবকিছুর একটা প্রটোকল আছে। আপনাদের ব্রিফ করা হবে।’

এদিকে বিমান বন্দর থেকে সরাসরি মিরপুর আসেন টি-টোয়েন্টির টেকনিক্যাল অ্যাসিসটেন্ট শ্রীধরন শ্রীরাম। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ থেকে শুরু হবে তার মিশন।

শ্রীরাম কাজ শুরু করলে ডমিঙ্গোর ভূমিকা কি হবে এই নিয়ে চলছে জোর আলোচনা। ডমিঙ্গোকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দেওয়া হতে পারে। সবকিছুই নির্ভর করছে আগামীকালের বৈঠকের ওপর। সোমবার (২২ আগস্ট) বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বৈঠকে বসবেন নতুন কোচ শ্রীরামসহ কোচিং স্টাফদের সঙ্গে। বৈঠকে থাকবেন বিসিবির নীতি নির্ধারকরাও।