খেলাধুলা

৬ ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না টিকিট, কাউন্টারের সামনেই কালোবাজারি

ভেতরে টিকিট কাউন্টার। যেখান থেকে বলা হচ্ছে টিকিট শেষ। অথচ কাউন্টারের বাইরেই বাড়তি দামে পাওয়া যাচ্ছে টিকিট। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের আগের চিত্র এটি।  

মঙ্গলবার সকাল ১১টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে যেতেই দেখা যায় প্রকাশ্যে একটি চক্রের বেশ কয়েকজন সদস্য টিকিট বিক্রি করছেন। হাতে হাতে টিকিট নিয়ে ঘুরছেন, আর আশেপাশে কাউকে দেখলেই জিজ্ঞেস করছেন, ‘লাগবে টিকিট’? 

বরাবরের ন্যায় এবারও ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রি হচ্ছে এই একটি কাউন্টারেই। ১ মার্চ প্রথম ওয়ানডের টিকিটের জন্য আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত থেকেই লাইনে দাঁড়াতে শুরু করেন ক্রিকেটপ্রেমিরা। সকাল ৯টায় কাউন্টার খোলে। ততক্ষণে এলাকা লোকে-লোকারণ্য হয়ে ওঠে। 

কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই কাউন্টারের টিকিট ফুরিয়ে যায়। ভেতর থেকে বলা হয়, ‘টিকিট শেষ’। অভিযোগ ওঠেছে, বাড়তি দামের টিকিট পাওয়া গেলেও গ্যালারির টিকিট একেবারেই নেই। কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকিটের জন্য হাহাকার করছেন দর্শকরা। আরেক দিকে প্রকাশ্যেই চলছিল কালোবাজারিদের দৌরাত্ম। লাইনে দাঁড়ানো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৬ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন এখনো টিকিট কাউন্টারের কাছে যেতে পারেননি। 

নারী ও পুরুষ দুই লাইনে টিকিট দেওয়া হচ্ছিল। নারী লাইনের টিকিট চলে যাচ্ছে কালোবাজারিদের হাতে। কেউ কেউ বেশ কয়েকবার দাঁড়িয়ে টিকিট নিয়ে বিক্রি করে কিছুক্ষণের মধ্যে আবার লাইনে দাঁড়াচ্ছেন। তাদের পেছনে কল-কাঠি নাড়ছেন অন্য কেউ! 

কাউন্টারেই পাশেই এক নারী দাঁড়িয়ে টিকিট বিক্রি করছিলেন, তাকে জিজ্ঞেস করলে তিনি সোজা সাপটা বলেন, ‘আমি লাইনে দাঁড়িয়ে দুটি টিকিট কাটি, এখন বিক্রি করে দেব।’ কয়াবার এ রকম লাইনে দাঁড়িয়েছেন জিজ্ঞেস করলে, কোনো উত্তর না দিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন। 

এতকিছুর মধ্যেও টিকিট পাওয়া দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ভোর রাতে লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়া বিজ্ঞান কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসি রাইজিংবিডিকে জানান, তারা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ৫ ঘণ্টা পর টিকিট পেয়েছেন। তারা যখন লাইনে দাঁড়ান ততক্ষণে পূর্ণ হয়ে যায়। 

এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, তিনি ভোর ৬ টায় লাইনে দাঁড়িয়ে সাড়ে ১১টার দিকে টিকিট পেয়েছেন। টিকিট পেয়ে কাউন্টারের সামনেই ছবি তোলায় ব্যস্ত ছিলেন তিনি। তাদের সঙ্গে মিনিট কয়েকের ব্যবধানে আসা অনেকে এখনো লাইনে দাঁড়িয়ে আছেন।  

কাউন্টারের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা থাকলেও তারা কালোবাজারিদের দৌরাত্ম বন্ধ করতে পারছেন না। তাদের সামনেই চলছে বিকিকিনি। কালোবাজারিদের কথা জিজ্ঞেস করলে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, ‘আমাদের কিছু করার নেই, এটা বিসিবি চাইলে বন্ধ করতে পারবে।’ এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি। 

এবার সর্বনিম্ন ২০০ টাকায়, সর্বোচ্চ ১৫০০ টাকায় ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রি হচ্ছে। মিরপুরে গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, ক্লাব হাউজ ৫০০, সাউথ স্ট্যান্ড/নর্থ স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। 

ইংল্যান্ড সিরিজ শেষে ভোগান্তি কমতে পারে দর্শকদের। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন জানিয়েছেন, মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকে তারা অনলাইনে কিছু টিকিট বিক্রির ব্যবস্থা করবেন।