বিমানবন্দরে হাস্যোজ্জ্বল জাতীয় দলের তিন তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। মাঠের বাইরে তাদের এমন ফ্রেম দেখা যায় না।
জাতীয় দলের সফর বাদে সচরাচর তাদের গন্তব্য মিলে না। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে এবার তিনজন একসঙ্গে যাত্রা করলেও গন্তব্য ভিন্ন। সাকিব যাচ্ছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে। তাসকিন ও মুশফিকের ঠিকানা জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট।
মঙ্গলবার গভীর রাতে তিনজন ঢাকা থেকে সিঙ্গাপুর গিয়েছেন একসঙ্গে। সেখান থেকে পথ আলাদা হয়েছে সাকিবের। তাসকিন ও মুশফিক রওণা হয়েছেন জিম্বাবুয়ে। এর আগে সন্ধ্যার পর লিটন দাস উড়াল দিয়েছেন কানাডার উদ্দেশ্যে।
কানাডায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরে সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনকে নিয়েছে সারে জাগুয়ার্স। সাকিব ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনাপত্তিপত্র নিয়েছেন। আর লিটন নিয়েছেন ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।
সবশেষ ২০১৯ সালে কানাডার গ্লোবাল লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারির কারণে গত তিন বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়নি। লম্বা বিরতির পর ২০ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর।
সাকিব অবশ্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার পর শ্রীলঙ্কায় লঙ্কান প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলবেন। সাকিবকে সেখানে খেলতেও ছাড়পত্র দেওয়া হয়েছে। ২০ আগস্ট পর্যন্ত সাকিব টি-টোয়েন্টি খেলায় ব্যস্ত থাকবেন।
এদিকে জিম্বাবুয়েতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। নিলাম হওয়ার আগে মার্কি খেলোয়াড় হিসেবে মুশফিকুর রহিমকে দলে ভেড়ায় জোবার্গ বাফেলোস। এরপর নিলাম থেকে তাসকিন আহমেদকে নেয় বুলাওয়ে ব্রেভসে। আগামী ২০ থেকে ২৯ জুলাই হবে জিম আফ্রো টি-টেন লিগ।