চলমান ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করা সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী কিংবা তানজীদ হাসান তামিমদেরকে নিয়ে গড়া হবে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড। প্রস্তুতি ক্যাম্প থেকে মূল দলেও ঢুকে যেতে পারেন কয়েকজন। এদিকে বিশ্রামে থাকা তামিম ইকবালের ফেরা না ফেরা সম্পূর্ণ নির্ভর করছে তার ফিটনেসের উপর।
বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়গুলো নিশ্চিত করেন। বর্তমানে জাতীয় দাল আছে ছুটিতে। ২৯ জুলাই ক্যাম্পের আগে ফিরবেন সকলে। ক্যাম্পের শুরুতে ঘোষিত হবে এশিয়া কাপের স্কোয়াড।
‘কয়দিন আগে প্রধান নির্বাচক বলেছিল আমরা প্রাথমিক দল দিব প্র্যাকটিসের জন্য। ২৯ তারিখ থেকে ক্যাম্প চলবে। ২৭-২৮ বা ৩০ তারিখের মধ্যেই... যে খেলোয়াড়রা থাকবে তাদের নিয়েই এশিয়া কাপের দল গঠন করা হবে। আমি মনে করি এশিয়া কাপের দলই পরবর্তীতে বিশ্বকাপ খেলবে’-বলছিলেন জালাল।
ইমার্জিং দল থেকে প্রাথমিক স্কোয়াডে সুযোগ নিয়ে জালাল বলেন, ‘ওখান থেকে কিছু খেলোয়াড়কে হয়তো প্রাথমিক স্কোয়াডে রাখা হবে। তাদের কেউ কেউ অনেক ভালো করছে। ফাইনাল সিলেকশন পরের কথা। আমরা প্রাথমিক স্কোয়াড যেটা দিব সেখানে ইমার্জিংয়ে যারা পারফর্ম করছে তাদের থেকে ২-১ জন থাকতে পারে। চূড়ান্ত স্কোয়াডে থাকবে কি না তা নির্বাচক প্যানেল ঠিক করবে।’
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ আগামীকাল সেমিফাইনাল খেলতে নামবে ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে ৩ ম্যাচে সৌম্য ৯০ রান ও ৫ উইকেট, জয় একটি সেঞ্চুরিসহ ১১১ ও ২ উইকেট, তানজীদ দুই ফিফটিতে সর্বোচ্চ ১২৮, জাকির হাসান ১ ফিফটিতে ৯৯ ও শেখ মেহেদী ৪৭ রানের সঙ্গে নেন ২ উইকেট। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ১৩১.৯৫ স্ট্রাইকরেটে খেলে নজর কেড়েছেন তানজীদ। দেখার বিষয় নির্বাচকরা কাকে বিবেচনায় আনেন।
এদিকে তামিমের ফেরা নিয়ে আগের অবস্থানে আছে ক্রিকেট বোর্ড। ফিটনেসের উপর নির্ভর করছে তার ফেরা। তামিম লন্ডনে যাবেন ডাক্তার দেখাতে ২৬ জুলাই। লন্ডন থেকে তামিম ফেরার পর তার অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত হবে।
‘আমাদের বর্তমান অধিনায়ক তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। সেখানে তার ট্রিটমেন্ট আছে। সে ডাক্তার দেখাবে, ট্রিটমেন্ট করবে এরপর সিদ্ধান্ত হবে, পরিস্থিতি জানাবে। আশা করছি ৩১ তারিখ দেশে ফিরবে। তখন পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি পরিস্থিতি কী দাঁড়ায়, তার স্বাস্থ্য কী বলে। সে জানাবে এরপর সিদ্ধান্ত নেব’-বলেছেন জালাল।
এদিকে হাইব্রিড মডেলে এশিয়া কাপের সূচি প্রকাশ হয়েছে। ৩০ আগস্ট মুলতানে শুরু হবে টুর্নামেন্ট। ৩১ আগস্ট ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশ তিন ম্যাচ খেলবে কলম্বো-লাহোরে।