ভারতের সঙ্গে মেয়েদের ঐতিহাসিক অর্জনে উৎফুল্ল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এমনিতে সাম্প্রতিক সময়ে মেয়েদের ক্রিকেট ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিল বোর্ড, এবারের এই অর্জনে পরিকল্পনা আরও বেগবান হলো।
শক্তিশালী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্রয়ের সাফল্যে মেয়েদের নিয়ে উদযাপন করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন, নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলসহ বোর্ড কর্তারা। মেয়েদের সঙ্গে মধ্যাহ্নভোজ, কেক কাটা এবং একটি সভাও হয়েছে।
সেই সভায় বোর্ড সভাপতির কাছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো মেয়েদের জন্যও একটি ফ্র্যাঞ্চাইজি লিগের দাবি তোলেন নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ক্রিকেট আরও এগিয়ে নেওয়ার স্বার্থে স্কুল পর্যায়ে ক্রিকেটসহ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের আশ্বাস দেন বোর্ড সভাপতি পাপন।
‘মেয়েদের স্কুল ক্রিকেট। এটা আমরা এই বছর শুরু করতে চাই। এতে করে আমরা নতুন নতুন ক্রিকেটার পাবো আশা করি। ওরা মেয়েদের বিপিএল চেয়েছে। সেটাও আমরা বলেছি যে, নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেটা চালু করব এখন’ -মেয়েদের বিপিএল আয়োজনের সম্মতি দিয়ে এভাবে বলেছেন বিসিবি প্রেসিডেন্ট।
বিপিএল আয়োজনের আশ্বাস পেয়ে উচ্ছ্বসিত মেয়েরাও। রাইজিংবিডিকে এর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিপক্ষে গতকাল প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা ফারজানা হক পিংকি। ব্যাগপত্র নিয়ে বিকেলে টিম হোটেল ছাড়ার আগে পিংকি জানান বিপিএল আয়োজন হলে তাদের মান আরও বাড়বে।
রাজিংবিডিকে তিনি বলেন, ‘আমরা মিটিংয়ে মেয়েদের বিপিএল আয়োজনের দাবি জানিয়েছি। প্রেসিডেন্ট স্যার বিনা বাক্যে সম্মতি দিয়েছেন। আমরা অনেক খুশি। আমাদের যদি আলাদা একটি টি-টোয়েন্টি লিগ হয় আমাদের সবার মান আরও বাড়বে। আমরা আরও প্রতিযোগিতা করতে পারবো বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে। আরও বড় অর্জন আসবে।’
গতকাল পিংকি ভারতের সঙ্গে ১৫৬ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান। তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৪ উইকেটে ২২৫ রান করে। ভারত রান তাড়া করতে নেমে ২২৫ রানে অলআউট হয়। ম্যাচ টাই হওয়াতে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়। পিংকির হাতে ওঠে সিরিজ সেরার পুরস্কার।