লক্ষ্যটা ভারতের জন্য ছিল একেবারেই মামুলী। ১২০ বলে প্রয়োজন ১৫০ রান। কিন্তু ধীর গতির উইকেটে এই লক্ষ্যকেও পাহাড়সম বানিয়ে ফেলেন ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের শেষ দিকে ছড়ায় রোমাঞ্চ।
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল ভারতের। ২ উইকেট হারিয়ে অতিথিরা ৫ রানের বেশি তুলতে পারেননি। তাতে ৪ রানের দারুণ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তারউবাতে আগে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৪৯ রান করে। জবাবে ভারত ৯ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক জেসন হোল্ডার। ১৯ রানে ২ উইকেট নেন ডানহাতি পেসার। বিশ্রামে থাকায় ওয়ানডে সিরিজ খেলেননি হোল্ডার। টি-টোয়েন্টিতে ফিরে হয়েছেন জয়ের নায়ক। ক্যারিবীয়ানদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩২ বলে ৩টি করে চার ও ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া নিকোলাস পুরান ৪১ রান করেন ৩৪ বলে। ইনিংসের শুরুতে ওপেনার ব্রেন্ডন কিং ১৯ বলে ২৮ রান করে অবদান রাখেন।
বল হাতে ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
লক্ষ্য তাড়ায় ভারতের দুই ওপেনার ইশান কিশান (৬) ও শুভমান গিল (৩) দ্রুত আউট হন। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদব অভিষিক্ত তিলাক ভার্মাকে নিয়ে দারুণ জবাব দিচ্ছিলেন। কিন্তু পরপর দুই ওভারে এই দুই ব্যাটসম্যান আউট হলে চাপে পড়ে ভারত। সূর্যকুমার ২১ ও তিলাক দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন।
সেখান থেকে ভারতকে উদ্ধার করতে পারেননি কেউ। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ১৯, সানজু স্যামসানের ১২ ও অক্ষর পাটেলের ১৩ রানে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে ছিল ভারত। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি তারা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওবেড ম্যাকে, হোল্ডার ও শেফার্ড ২টি করে উইকেট নেন।
৬ আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।