সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। একাধিক সূত্রের দাবি, সৌদি ক্রীড়া কর্তৃপক্ষের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে আল-নাসর ছাড়ার কথা ভাবছেন পর্তুগিজ মহাতারকা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের বাজারেই ক্লাব ছাড়তে পারেন তিনি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি স্পোর্টস কমিটির শীর্ষ মহলের সঙ্গে রোনালদোর সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে উঠছে। ক্লাব ও দেশের ফুটবল পরিচালনায় কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি গভীরভাবে অসন্তুষ্ট, এমন কথাও উঠে এসেছে। এই অস্বস্তির আবহেই নতুন ঠিকানার খোঁজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এর একাধিক ক্লাব রোনালদোর প্রতি আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি ইউরোপের শীর্ষ কয়েকটি লিগ থেকেও নাকি তার খোঁজ নেওয়া হয়েছে। যদিও আল-নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বহাল। তবে সেই চুক্তিতে ৫ কোটি ইউরো মুক্তির শর্ত থাকায় পরিস্থিতি জটিল হলেও অসম্ভব নয়।
এ মুহূর্তে রোনালদোর আল-নাসর ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতবিরোধ যদি মিটে না, তাহলে বিদায়ের পথ খুলে যেতে পারে- এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনো ঘাটতি রাখেননি রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি তিনটি গোলে সহায়তা করেছেন তিনি। বয়স ৪০ হলেও গোল করার ক্ষুধা যে এখনো অটুট, তা তার পারফরম্যান্সই প্রমাণ করে। ফুটবলবিষয়ক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটগুলোর হিসাব অনুযায়ী, এই মুহূর্তে তার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ইউরোর কাছাকাছি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৌদি ফুটবলে বড় নামদের দলবদল ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই রোনালদোর অসন্তোষ প্রকাশ পেয়েছে বলে জানা যায়। বিশেষ করে করিম বেনজেমার আল-হিলালে যোগ দেওয়া নিয়ে প্রকাশ্যে আপত্তি জানানোর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সব মিলিয়ে, সৌদি অধ্যায় কি শেষের পথে রোনালদোর? নাকি সমঝোতার পথেই থামবে এই দ্বন্দ্ব, তা জানতে অপেক্ষা করতে হবে দলবদলের বাজার পর্যন্ত।