খেলাধুলা

বিশ্বকাপের আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাইম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে পাকিস্তান শিবিরে এল বড় ধরনের স্বস্তির খবর। দুর্দান্ত সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পেছনে বড় ভূমিকা ছিল এই ২৩ বছর বয়সী তারকার। সেই সিরিজে ধারাবাহিক সাফল্যের সুবাদেই তিনি শীর্ষস্থান ফিরে পেলেন। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে।

বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে এই অর্জন পাকিস্তানের জন্য বাড়তি আত্মবিশ্বাসের উৎস হয়ে এসেছে। ২০০৯ সালে দ্বিতীয় আসরে শিরোপা জয়ের পর আবারও বিশ্বমঞ্চে সাফল্যের স্বপ্ন দেখছে পাকিস্তান। আর সেই অভিযানে সাইম আইয়ুবের ফর্ম যে বড় শক্তি তা বলাই বাহুল্য।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সাইম আইয়ুব ব্যাট হাতে করেন ১১৯ রান। সঙ্গে বল হাতে নেন তিনটি উইকেট। তবে তিনি একা নন, ওই সিরিজে আরও কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।

স্পিনার আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে তিনি এখন শীর্ষে থাকা ভারতের বরুণ চক্রবর্তীর থেকে মাত্র ২৮ রেটিং পয়েন্ট পিছিয়ে।

আরেক স্পিনার মোহাম্মদ নওয়াজও দারুণ উন্নতি করেছেন। সিরিজের শেষ ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে তিনি আট ধাপ এগিয়ে বোলারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডার তালিকাতেও এক ধাপ এগিয়ে এখন তিনি চতুর্থ।

ব্যাটারদের র‍্যাংকিংয়েও পাকিস্তানের ক্রিকেটারদের অগ্রগতি চোখে পড়ার মতো। সাইম আইয়ুব আট ধাপ এগিয়ে সমান ২৭তম স্থানে উঠেছেন। আর অধিনায়ক সালমান আলী আগা ১২ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৯তম স্থানে।

শীর্ষ দশ ব্যাটারের তালিকাতেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ভারতের অভিষেক শর্মা শীর্ষস্থান ধরে রেখেছেন। ইংল্যান্ডের জস বাটলার, শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা, ভারতের সূর্যকুমার যাদব ও নিউ জিল্যান্ডের টিম সেইফার্ট প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন।

সব মিলিয়ে শীর্ষ এগারোর মধ্যে সাতটি দেশের ব্যাটার জায়গা করে নিয়েছেন, আর আসন্ন বিশ্বকাপে এই তালিকায় আরও বড় পরিবর্তনের সম্ভাবনাই বেশি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ভারতের ঈশান কিশান ও দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন। বোলারদের তালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের আদিল রশিদ ও নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনার।