খেলাধুলা

হান্নানের ‘ট্রেবলের’ হাতছানি

বিশ্রামে থাকার কথা ছিল হান্নান সরকারের। বিপিএলের শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি। হেড কোচ হিসেবে প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট জেতার আনন্দ অল্পকদিনেই কি শেষ হয়!

নিজের ফেসবুক পেইজে ছোট ছোট ভিডিও আপলোড করছিলেন, ‘চ‌্যাম্পিয়নদের গল্প।’ শিরোনামে।  এরই মধ‌্যে ৮টি ভিডিও আপলোড করেছেন। শোনাচ্ছিলেন বিহাইন্ড দ‌্য সিনের গল্প। সেই গল্প আপাতত কয়েকদিনের জন‌্য থামাতে হচ্ছে তাকে। কেননা মাঠে গড়াচ্ছে অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট।

বিশ্বকাপের সময় বিসিবি হুট করে আয়োজন করেছে এই প্রতিযোগিতা। তিন দলের সিঙ্গেল রাউন্ডের পাঁচদিনের প্রতিযোগিতা। ইমার্জিং ক্রিকেটারদের নিয়ে গড়া দুরন্ত একাদশের দায়িত্বে হান্নান। এই দলটির অধিনায়ক আকবর আলী।

হান্নানের সামনে এই প্রতিযোগিতা ভিন্ন এক চ‌্যালেঞ্জ হয়ে এসেছে। এবারের মৌসুম কোচ হিসেবে দারুণ কেটেছে হান্নানের। বিপিএল জেতার আগে দেশের সবচেয়ে বড় ও মর্যাদার প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ জিতেছেন হান্নান। তার সামনে এবার ‘ট্রেবল’ জয়ের হাতছানি। নিজেও এই স্বপ্ন বুনেছেন। তার আত্মবিশ্বাসও আছে।

বাকিটা ছেলেদের ওপর ছেড়ে দিয়েছেন, ‘‘কনফিডেন্স একা কোচের হলে হবে না। টিম বয় থেকে প্লেয়ার-সবার বিশ্বাস থাকতে হবে। এই দলে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা সবারই আছে। ওরা শুধু অনূর্ধ্ব-১৯ খেলেই আসেনি-বিপিএল, ডিপিএল খেলার অভিজ্ঞতাও আছে। তাই এই স্টেজে পারফর্ম করার সক্ষমতা তাদের রয়েছে।’’

টুর্নামেন্টের প্রথম ম‌্যাচেই আজ মাঠে নামবে দুরন্ত একাদশ। প্রতিপক্ষ ধূমকেতু একাদশ। লিটন, মোস্তাফিজুর, তানজিদদের ধূমকেতু একাদশ জাতীয় দলের খেলোয়াড় নিয়ে সাজানো। সেখানে দুরন্ত একাদশ তরুণ ক্রিকেটারে ঠাসা। ফেভারিট নিশ্চিতভাবেই ধূমকেতু একাদশ। তবে হান্নান ওসবে মাথা ঘামাচ্ছেন না, ‘‘কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠে। তরুণ দল অনেক সময় এক্সট্রা কিছু পাওয়ার জেনারেট করতে পারে। সেই জিনিসটা করার অপেক্ষায় আমরা।’’

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর হুট করেই বিসিবি এই প্রতিযোগিতার আয়োজন করছে। হুটহাট আয়োজন করা হলেও এখানে প্রতিদ্বন্দ্বীতার ঝাঁজ পাচ্ছেন হান্নান, ‘‘বিশ্বকাপ খেলছি না-এই ভাবনা থেকে নয়, এটাকে একটা ভালো কম্পিটিশন হিসেবেই দেখছি। তিনটা দলকে যেভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে, তাতে বোঝা যায় পরিকল্পনাটা সিরিয়াস।’’